কৃষ্ণনগরে বর্ণাঢ্য আয়োজনে সিঞ্চন নাট্যোৎসবের সূচনা; সমাজকর্মী আমিরচাঁদ সেখকে ‘অনন্য সম্মান’ প্রদান
কৃষ্ণনগর, ৫ মার্চ (হি. স.) : কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বৃহস্পতিবার মহাসমারোহে শুরু হলো ‘কৃষ্ণনগর সিঞ্চন’ আয়োজিত চার দিনব্যাপী নাট্যোৎসব। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সমাজকর্মী আমিরচাঁদ সেখ, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী আন্দোলন, মরণোত্তর দ
আমিরচাঁদ সেখ সম্মানিত


কৃষ্ণনগর, ৫ মার্চ (হি. স.) : কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বৃহস্পতিবার মহাসমারোহে শুরু হলো ‘কৃষ্ণনগর সিঞ্চন’ আয়োজিত চার দিনব্যাপী নাট্যোৎসব। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সমাজকর্মী আমিরচাঁদ সেখ, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী আন্দোলন, মরণোত্তর দেহদান, চক্ষুদান ও বিজ্ঞানমনস্কতা প্রসারে নিরলস কাজ করে চলেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিনের অনুষ্ঠানে ‘এস এন সময় নেটওয়ার্ক’-এর পক্ষ থেকে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমিরচাঁদ সেখকে “অনন্য সম্মান” প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, সমাজে মানবিকতা ও যুক্তিবাদী চিন্তার প্রসারে তাঁর দীর্ঘদিনের লড়াই বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

​উল্লেখ্য, ইতিপূর্বেও ‘এস এন সময় নেটওয়ার্ক’ সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্বদের সংবর্ধিত করেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর আমিরচাঁদ সেখকে এই সম্মানে ভূষিত করা হলো। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নাট্যোৎসব চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। চার দিনের এই দীর্ঘ আয়োজনে মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে, যেখানে নদিয়া জেলার বিভিন্ন নামী নাট্যদল অংশগ্রহণ করছে। এই নাট্যোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই কৃষ্ণনগর শহরের সাংস্কৃতিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande