গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ডের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ ব্যাঙ্ক অফ বরোদার; ব্যাঙ্কিং খাতে নয়া নজির
​কলকাতা, ৫ মার্চ (হি. স.) : দেশের ব্যাঙ্কিং খাতে এক নতুন নজির গড়ল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাঙ্ক অফ বরোদা। ঘরোয়া বাজারে প্রথমবারের মতো ‘গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড’ ইস্যু করে ১০,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে এই ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষে
গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ডের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ ব্যাঙ্ক অফ বরোদার; ব্যাঙ্কিং খাতে নয়া নজির


​কলকাতা, ৫ মার্চ (হি. স.) : দেশের ব্যাঙ্কিং খাতে এক নতুন নজির গড়ল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাঙ্ক অফ বরোদা। ঘরোয়া বাজারে প্রথমবারের মতো ‘গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড’ ইস্যু করে ১০,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে এই ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৭ বছর মেয়াদি এই বন্ডের বার্ষিক কুপন রেট বা সুদের হার নির্ধারিত হয়েছে ৭.১০ শতাংশ। বাজারের বর্তমান অনিশ্চয়তার মধ্যেও এই হারকে যথেষ্ট প্রতিযোগিতামূলক বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৫,০০০ কোটি টাকার বেস ইস্যু রাখা হলেও অতিরিক্ত ৫,০০০ কোটি টাকার ‘গ্রিনশু’ বিকল্প রাখা হয়েছিল। বিনিয়োগকারীদের বিপুল উৎসাহে মোট ১৬,৪১৫ কোটি টাকার বিড জমা পড়েছিল, যা মূল ইস্যুর তিন গুণেরও বেশি। এর ফলে পূর্ণ ১০,০০০ কোটি টাকাই সংগ্রহ করতে সক্ষম হয়েছে ব্যাঙ্কটি।

​এই সাফল্য প্রসঙ্গে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. দেবদত্ত চাঁদ বলেন, “এই উদ্যোগ ভারতের ঘরোয়া ইএসজি বন্ড বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিনিয়োগকারীদের এই ইতিবাচক সাড়া আমাদের ব্যাঙ্কের ওপর তাঁদের আস্থা এবং সবুজ ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।” ব্যাঙ্ক সূত্রে খবর, এই বন্ড থেকে সংগৃহীত অর্থ পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব পরিকাঠামো বা ‘গ্রিন ইনফ্রাস্ট্রাকচার’ প্রকল্পে বিনিয়োগ করা হবে। উল্লেখ্য, এই বন্ডটির রেটিং ‘কেয়ার রেটিংস’ এবং ‘আইসিআরএ’ উভয় সংস্থার কাছ থেকেই ‘AAA’ (স্থিতিশীল) হিসেবে স্বীকৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের পরিবেশবান্ধব পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থায়নের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande