
পূর্ব মেদিনীপুর, ৯ মার্চ (হি. স.):- পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদী থেকে নতুন প্রজাতির একটি মাছ আবিষ্কার করলেন তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষকরা। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুটাক্সা-তে প্রকাশিত গবেষণাপত্রে এই নতুন প্রজাতির মাছের নাম রাখা হয়েছে “বুটিস বর্গভীমি”। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমার নামানুসারেই এই মাছের নামকরণ করা হয়েছে। সোমবার এই বিষয়ে জানিয়েছেন গবেষকরা।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তন্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে রূপনারায়ণ নদীর জীববৈচিত্র্য নিয়ে গবেষণার সময় এই মাছটির সন্ধান মেলে। গবেষণাটি পরিচালনা করেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিজি কো-অর্ডিনেটর ড. প্রীতিরঞ্জন পাহাড়ি এবং গবেষক শুভদীপ মাইতি, সুদীপ্তা মণ্ডল ও মিতালী দাস।গবেষকদের জানানো হয়েছে, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রূপনারায়ণ নদীতে ধারাবাহিক সমীক্ষা চালানো হয়। স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় সংগৃহীত কয়েকটি মাছের নমুনা পরীক্ষা করে দেখা যায়, এগুলির গঠনগত বৈশিষ্ট্য পরিচিত প্রজাতির সঙ্গে মিলছে না। পরে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপে বিশ্লেষণ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।গবেষণায় জানা গেছে, এই মাছটি ‘বুটিস’ গণের অন্তর্ভুক্ত। সংগৃহীত নমুনাগুলি কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়েছে। এই আবিষ্কারকে রূপনারায়ণ নদীর জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়