
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ডঃ শ্রী শ্রী শ্রী শিবাকুমারা স্বামীগালুর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সমাজ মাধ্যম এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে, পরমপূজ্য ড. শ্রী শ্রী শ্রী শিবকুমারা স্বামীগালুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তিনি করুণা, বিনয় এবং মানবজাতির প্রতি অবিচল সেবার এক মূর্ত প্রতীক হিসেবে সমুজ্জ্বল হয়ে আছেন। অপরের উত্তরণে উৎসর্গীকৃত তাঁর সমগ্র জীবন। তিনি প্রমাণ করে গেছেন যে, প্রকৃত মহত্ত্ব নিহিত রয়েছে অপরের সেবার মাঝেই। শিক্ষা, সমাজকল্যাণ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদান সমাজের বুকে এক অক্ষয় ছাপ রেখে গেছে। আজও তাঁর জীবন অগণিত মানুষকে নিঃস্বার্থপরতা ও সেবার পথে চলতে পথনির্দেশ ও অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি সংস্কৃত সুভাষিতমও শেয়ার করেছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন; মানবতার অনন্ত উপাসক পরম পূজ্য ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মজয়ন্তীতে তাঁকে কোটি কোটি প্রণাম। শিক্ষা, সমাজ কল্যাণ ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান দেশের প্রতিটি প্রজন্মকে নিঃস্বার্থ সেবার জন্য অনুপ্রাণিত করবে।
তিনি যে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন তার অর্থ হলো, যেমন নদী নিজের জল পান করে না, বৃক্ষ তার নিজের ফল ভক্ষণ করেনা এবং মেঘ তার জলদানের ফলে সৃষ্ট অন্ন গ্রহণ করেনা, সেইরকমই সাধুসন্তদের যাবতীয় সাধনা ও শক্তি নিজেদের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য সমর্পিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ