
দুর্গাপুর, ১ এপ্রিল (হি.স.): ভোটের আগে দুর্গাপুরে তৃণমূলের অন্দরেই অস্বস্তি বাড়াল প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের সামাজিক মাধ্যমের পোস্ট। নাম না করে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকে ‘পুঁজিপতি’ বলে কটাক্ষ করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে শিল্পাঞ্চলের ব্যবসায়ী কবি দত্তকে প্রার্থী করা হয়েছে। এরই প্রেক্ষিতে ফেসবুকে বিশ্বনাথ পারিয়াল লেখেন, “যখন রাজনৈতিক দলগুলি একচেটিয়া পুঁজিপতিদের হাতে ক্ষমতা তুলে দেয়, তখন শাসনের নামে শোষণ হয় এবং সাধারণ মানুষের অধিকার খর্ব হয়।” যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবু পোস্টটি ঘিরে জল্পনা তুঙ্গে।
এই পোস্টকে ঘিরে অস্বস্তিতে পড়েছে শিল্পাঞ্চলের তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে বিজেপিও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দুর্গাপুর-বর্ধমান জেলার মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “আমরা অনেক আগেই এই কথা বলেছিলাম। এখন তৃণমূলের অভিজ্ঞ নেতারাই সেই কথা বলছেন। মানুষই ঠিক করবেন কাকে চান।”
পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ পারিয়ালের বাড়িতে বৈঠক করেন তৃণমূলের দুই বিধানসভার বিশেষ পর্যবেক্ষক ভি শিবদাসন দাশু। প্রায় এক ঘণ্টার বৈঠকের পর তিনি জানান, “মতবিরোধ থাকতেই পারে। তবে সব ঠিক হয়ে যাবে। বিশ্বনাথবাবু দলের অনুগত কর্মী হিসেবেই প্রচারে অংশ নেবেন।”
তবে বৈঠকের পরেও বিশ্বনাথ পারিয়ালের তরফে এ বিষয়ে কোনও প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক অন্দরে জল্পনা আরও বেড়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা