
কমলপুর (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে ধলাই জেলার কমলপুর মহকুমায় বুধবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। হালহালি-আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার প্রচার ঘিরে পশ্চিম লাম্বুছড়া এলাকায় তিপ্রা মথা কর্মীদের সঙ্গে পুলিশ ও টিএসআর বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। ঘটনায় পুলিশকর্মী, টিএসআর জওয়ান ও রাজনৈতিক কর্মী-সমর্থক মিলিয়ে একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ, যখন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা প্রচারের উদ্দেশ্যে পশ্চিম লাম্বুছড়া এলাকায় পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব, বিজেপি মণ্ডল সভাপতি সম্পা দাস এবং স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, এর আগেই ওই এলাকায় তিপ্রা মথা কর্মীরা সড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধ তুলতে গেলে মথা কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মথা কর্মীরা ইট-পাথর ও গুলতি নিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
এই সংঘর্ষে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, এক মহিলা কনস্টেবল শর্মিলা দেববর্মা এবং টিএসআর জওয়ান সহ ১২ জন নিরাপত্তা কর্মী আহত হন। আহতদের দ্রুত কমলপুরের বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, লাঠিচার্জে তিপ্রা মথার বেশ কয়েকজন কর্মী আহত হলেও তাঁরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলে জানা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ওই এলাকা থেকে ফিরে যান বিজেপি প্রার্থী ও তাঁর দলীয় সঙ্গীরা। তবে এর কিছুক্ষণের মধ্যেই ২০৮ নম্বর জাতীয় সড়কের আনন্দবাজার এলাকায় ফের হামলার ঘটনা ঘটে। অভিযোগ, প্রায় ২০০ জন তিপ্রা মথা সমর্থক রাস্তা অবরোধ করে বিজেপি প্রার্থী ও বিধায়কের গাড়িবহরে হামলা চালায়। কিরিচ, দা ও লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
এই হামলায় বিধায়ক মনোজ কান্তি দেবের গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে যায়। বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার গাড়িসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় অন্তত চারজন আহত হন।
ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, “এটা কেমন রাজনীতি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচার করতে গিয়েও এভাবে হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।” তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের কথা জানান।
সূত্রের খবর, বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা পূর্বে তিপ্রা মথা দলের সদস্য ছিলেন এবং টিটিএএডিসিতে এক্সিকিউটিভ মেম্বার পদে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে রাজনৈতিক মহলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে পশ্চিম লাম্বুছড়া ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ