
হাফলং (অসম), ১ এপ্রিল (হি.স.) : অকালে চলে গেলেন বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর কার্যনির্বাহী সদস্য (ইএম) স্যামুয়েল চাংসন। আজ বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুয়াহাটির ছয়মাইল ভিআইপি রোডে অবস্থিত রহমান হাসপাতালে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্যামুয়েল। স্যামুয়েল চাংসন ছিলেন এনসিএইচএসি-এর অধীন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য।
জানা গিয়েছে, আজই সকালে তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন তাঁর নির্বাচন কেন্দ্র দিগের-এর বাড়ি থেকে গুয়াহাটি গিয়েছিলেন। গুয়াহাটি যাওয়ার পর আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে নিয়ে ভরতি করা হয় রহমান হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিজেপি নেতা চাংসন।
স্যামুয়েল চাংসন পার্বত্য পরিষদের দিগের আসন থেকে তিনবার নির্বাচনে জয়ী হয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজেপি নেতা স্যামুয়েল চাংসনের অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিজেপি সহ ডিমা হাসাও জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে স্যামুয়েল চাংসনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য দেবোলাল গার্লোসা। তিনি বলেন, স্যামুয়েল চাংসনের প্রয়াণ বিজেপি তথা জেলার রজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। দল তথা তাঁর কর্মজীবনে সেবা ও নিষ্ঠা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব