
শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের অবজার্ভাররা নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছেন। এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি যথাযথ প্রয়োগ সুনিশ্চিত করতে আজ বুধবার শ্রীভূমি জেলা প্রশাসন জেলার রাজনৈতিক দলের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারে ব্যবহৃত যানবাহন, মাইক ইত্যাদি ব্যবহারের আগে এমসিসি সেল থেকে অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাইকিং-এর জন্য ব্যবহৃত কনটেন্ট মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি) সেল থেকে সার্টিফিকেট নিয়ে প্রচার করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া ইলেক্ট্রনিক, প্রিন্ট বা সোস্যাল মিডিয়ায় কোনও কনটেন্ট বা বিজ্ঞাপন প্রচারের আগে এমসিএমসি সেল থেকে সার্টিফিকেট নিতে হবে।
লিফলেট, পোস্টার, ব্যানার, বুকলেট ইত্যাদি প্রচার সামগ্রীরও অগ্রিম সার্টিফিকেশন এমসিসি সেল থেকে নিতে হবে। মাইকিং ১০ ডেসিবেল মাত্রার মধ্যে হতে হবে এবং সকাল ৬-টা থেকে রাত ১০-টার মধ্যে বাজানো যাবে। এক্ষেত্রে কোনও বিচ্যুতি হলে যানবাহন, মাইক ইত্যাদি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি প্রচারে কোনও ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার মতো বক্তব্য, জাতি, ধর্ম ইত্যাদি নিয়ে বক্তব্য পেশ করা যাবে না। মন্দির, মসজিদ বা অন্য কোনও ধর্মীয় স্থানে প্রচার চালানো নিষিদ্ধ। গুজব ছড়ানো, হিংসা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
কারও ব্যক্তিগত জীবন নিয়ে বিদ্রুপ করা যাবে না। তাছাড়া, কোনও রাজনৈতিক দল বা প্রার্থী কোনও সরকারি ভবন ও সম্পত্তি প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন না এবং ব্যক্তিগত জমি, ভবন, প্রাঙ্গণে ওই ব্যক্তির অনুমতি ছাড়া কোন প্রচার কার্যে ব্যবহার নিষিদ্ধ। কোনও সভা, মিছিল ইত্যাদি করতে হলে স্থান, সময়, গতিপথ উল্লেখ করে অগ্রিম অনুমতি নিতে হবে বলে সভায় জানিয়ে দেওয়া হয়েছে।
এক দলের মিটিং মিছিলে অন্য দল বাধা সৃষ্টি করতে পারবে না। এ ক্ষেত্রে পুলিশকে খবর দিত বলা হয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ৭ এপ্রিল বিকাল ৫-টা থেকে সাইলেন্স পিরিয়ড শুরু হবে। ওই সময়ে কোনও প্রচার চালানো যাবে না। ভোটারদের নগদ অর্থ প্রদান করে প্রলোভিত করা ও নেশা দ্রব্য বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই বিধি বা নিষেধাজ্ঞা লঙ্ঘন হলে কমিশনের গাইডলাইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের দিন সব কর্মীদের আইডেন্টিটি কার্ড বা ব্যাজ পরিধান করতে হবে। ব্যক্তিগতভাবে ভোটারদের পরিচিতি স্লিপ শুধু সাদা কাগজে প্রদান করা যাবে। এতে কোনও পার্টি বা প্রার্থীর নাম, সিম্বল ইত্যাদি থাকা চলবে না। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিই প্রবেশ করতে পারবেন। এছাড়া আদর্শ আচরণবিধির আরও খুটিনাটি বুঝিয়ে দেওয়ার পাশপাশি বিধিনিষেধগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
আজকের সভায় অতিরিক্ত জেলাশাসক এল খিংতে, অতিরিক্ত জেলাশাসক সপ্ততি এন্দো, এমসিসি সেলের নোডাল অফিসার মংভি ইংহি, পাথারকান্দির সার্কল অফিসার অদিতি নুনিসা, শ্রীভূমি সদর সার্কল অফিসার বিকাশ ছেত্রী, নিলামবাজারের সার্কল অফিসার অনুরাগ গগৈ, রামকৃষ্ণনগরের সার্কল অফিসার অন্তরা পাল, ইলেকশন অফিসার রৌসিনুল আলম, ডিআইপিআরও ও এমসিএমসি কমিটির সদস্যসচিব সাজ্জাদুল হক চৌধুরী, এমসিএমসি কমিটির সদস্য ও এনএইচএম-এর ডিএমই সুমন চৌধুরী সহ রাজনৈতিক দলের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস