
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): বুধবার কার্যত রক্তারক্তি কাণ্ড প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে। প্রার্থী অসন্তোষ ঘিরে তুলকালামের জেরে বিধান ভবনে তৈরি হয় এই ধুন্ধুমার পরিস্থিতি। চলে তুমুল বিক্ষোভ। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে হয় বচসা-হাতাহাতি।
পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। বহিরাগত প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ। রডের বাড়িতে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। রাস্তায় বসে চলে স্লোগান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুব কংগ্রেসের নেতা কাশিফ রেজার বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ কংগ্রেস কর্মীদের একাংশের। অভিযোগ, এই কাশিফই নাকি লোক পাঠিয়ে বিধান ভবনে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহিদ হোসেন।
উল্লেখ্য, জাহিদ হোসেন বালিগঞ্জের টিকিটের দাবিদার। কিন্তু সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে ওই আসনের টিকিট দিয়েছে হাতশিবির। দু’দিন আগেও এবিষয়ে প্রায় ১০ জন কংগ্রেস কর্মী এসে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের সদর দফতরে। আজ সেই বিক্ষোভই চরম আকার নিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত