
রাইসেন ও নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার পরে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চর্চা রয়েছে রাজনীতিতে। নীতীশের দল জেডিইউ, না কি জোট সঙ্গী বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রবিবার বিজেপির সংসদীয় বোর্ড বিহারে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের নাম ঘোষণা করল।
প্রসঙ্গত, বিহার সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ১১টায় নীতীশ-মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে এবং সেটিই এই পর্বের শেষ বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। সে দিনই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে অনেকের মত। এই পরিস্থিতিতে শিবরাজের নিয়োগ ঘিরে বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রী-জল্পনা আরও বাড়ল।
বিহারে দলের পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই দায়িত্ব পাওয়ার পর রবিবার মধ্যপ্রদেশের রাইসেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, আমি দলের একজন কর্মী এবং কর্মী হিসেবে আমার ওপর অর্পিত যে কোনও কাজ সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে করা আমার কর্তব্য। দল আমাকে যে দায়িত্বই দিক না কেন, আমি তা পালন করি। আমি ১৪ তারিখে বিহার যাব।
উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি (ইউ)-এর জাতীয় সভাপতি নীতীশ কুমার ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ