
আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : বর্তমান ত্রিপুরা সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশও ক্রমশ আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধ হয়ে উঠছে। আজ রানিরবাজারস্থিত পিএম-শ্রী রানিগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য, পরিবহণ ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
পর্যটনমন্ত্রী আরও বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করে তোলার লক্ষ্যে ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং পাশাপাশি একাধিক বিদ্যালয়কে পিএম-শ্রী হিসেবে উন্নীত করা হয়েছে। এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হল শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এবং ছাত্রছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানসিকভাবে গড়ে তোলা।
তিনি বলেন, রাজ্যের যুবক-যুবতীরা এখন আত্মবিশ্বাসের সঙ্গে আইএএস-এর মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সাফল্যও অর্জন করছে। এই পরিবর্তন শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে আরও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। তিনি বলেন, ৮ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় করে পিএম-শ্রী রাণীগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবন তৈরি হবে। এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য তিনি গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকদের নির্দেশ দেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ