
আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশন ১০-কুলাই-চাম্পাহাওয়র কেন্দ্রের দুটি বুথসহ রাজ্যের মোট তিনটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩-ভাটিময়দান এসবি স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর পাড়া ভোটকেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হবে। পাশাপাশি, জন্মেজয়নগর টিটিএএডিসি কেন্দ্রের একটি বুথেও পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জমা দেওয়া বিস্তারিত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিবেদনগুলিতে ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম এবং কিছু অপ্রীতিকর ঘটনার উল্লেখ করা হয়, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে।
এই পরিস্থিতিতে কমিশন সংশ্লিষ্ট বুথগুলিতে পূর্বে অনুষ্ঠিত ভোটগ্রহণ বাতিল করে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দেয়। কমিশনের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।আগামী ১৬ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনঃভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রগুলির ভেতরে এবং বাইরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এছাড়াও রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটারদের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে পুনঃভোট প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কমিশন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ