
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.) : অসমে নথিভুক্ত মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে ভারতের সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে।’
আজ মঙ্গলবার এখানে কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব বলেন, সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল তখন তিনি বিমানে ছিলেন। তবে তিনি বলেন, ‘আমি মনে করি, তেলেঙ্গানা হাইকোর্ট পবন খেড়াকে ট্রানজিট জামিন দিতে পারে না, কারণ তিনি তেলেঙ্গানার বাসিন্দা নন। অসম সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট সেই জামিন স্থগিত করেছে। আইন তার নিজস্ব পথে চলবে।’
হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক পাসপোর্ট থাকার অভিযোগকারী কংগ্ৰেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বেজায় হামলা করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘আমি যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে ১০টি অভিযোগ করি, তা-হলে কি তিনি একই কথা বলবেন? আমি আমার এবং আমার স্ত্রীর পাসপোর্ট জনসমক্ষে আনব, রাহুল গান্ধী কি তা করতে পারবেন? তিনি কি দেশকে বলবেন তিনি কতগুলো দেশে গিয়েছেন?’
মুখ্যমন্ত্ৰী আরও বলেন, ‘জনসমক্ষে বক্তব্য পেশ করার আগে রাহুলের সংযম থাকা উচিত। কিছু বলার আগে রাহুল গান্ধীকে বুঝতে হবে, তিনি ঈশ্বর নন।’ ‘গোল্ডেন ভিসা’ প্রসঙ্গে হিমন্তবিশ্ব বলেন, আমি বা আমার পরিবারের কারও গোল্ডেন ভিসা নেই।
প্ৰসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে অসম বিধানসভা নিৰ্বাচনের চারদিন আগে গত ৫ এপ্রিল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া। ওই অভিযোগকে খণ্ডন করে গত ৬ এপ্রিল কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন রিনিকি ভূঞা শর্মা।
রিনিকি ভূঞা শর্মার অভিযোগের ভিত্তিতে পবন খেড়ার বিরুদ্ধে গুয়াহাটিতে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতা-র বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস