
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের পুণ্য প্রভাতে কলকাতা ময়দানে চিরাচরিত ঐতিহ্যের পথেই সম্পন্ন হল ‘বার পুজো’। নতুন বছরের প্রথম দিনে খেলার মাঠের গোলপোস্ট বা ‘তিনকাঠি’র নীচে মঙ্গলঘট স্থাপন করে আগামী মরশুমের সাফল্যের প্রার্থনা করলেন ক্লাব কর্তারা। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং এরিয়ান ক্লাব-সহ ময়দানের ছোট-বড় বিভিন্ন ক্লাবে এদিন সাড়ম্বরে এই পুজোর আয়োজন করা হয়েছিল।
এদিন সকাল থেকেই ময়দানের ক্লাব তাঁবুগুলিতে উৎসবের আমেজ ছিল তুঙ্গে। এরিয়ান ক্লাবে গোলপোস্ট সাজানো হয়েছিল লাল জবা ও গাঁদা ফুলের মালা দিয়ে। সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং বিশিষ্ট ক্লাব কর্তা সমর নাগ-সহ অন্যান্যরা। কল্যাণ চৌবে প্রথা মেনে বার পুজোয় অংশগ্রহণ করেন এবং বাংলার ফুটবলের উন্নতির কামনা করেন।
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবেও প্রথা মেনে ভোর থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়। লাল-হলুদ এবং সবুজ-বেগুনি— দুই প্রধানের মাঠেই এদিন সদস্য, সমর্থক এবং প্রাক্তন ফুটবলারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন মরশুমে দল যাতে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে, সেই লক্ষ্যেই এই আরাধনা।
বার পুজোর আনুষ্ঠানিকতা শেষে ক্লাবগুলিতে শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পালা। সাবেক রেওয়াজ মেনে উপস্থিত সদস্য ও খেলোয়াড়দের মিষ্টিমুখ করানো হয়। কর্মকর্তা, কোচ এবং ফুটবলারদের মধ্যে এদিন কোনও ভেদাভেদ ছিল না; সকলেই মিলেমিশে নতুন বছরকে বরণ করে নেন। শতাব্দী প্রাচীন এই প্রথা আজও কলকাতা ময়দানের ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অমলিন রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত