
উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল (হি.স.): বিএসএফ শিবিরে অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জওয়ানের। বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পের ঘটনা। জানা গিয়েছে, শিবিরে পেট্রোল মজুতের ঘরে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় জওয়ান রাম সিং-এর। জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘরটির ভিতরে আটকে পড়েন জওয়ান রাম সিং। বাকি জওয়ানরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রথমে বেশ বেগ পেতে হয় তাঁদের। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও পুলিশ। দ্রুত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে জওয়ানকে উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলেই জওয়ানের মৃত্যু হয় বলে খবর। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষও। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ