
কৈলাসহর (ত্রিপুরা), ২ এপ্রিল (হি.স.) : ৯ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুছড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনগণ অভিযুক্তকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছেন।
কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের ডলুছড়া এলাকার নয় বছরের পায়েল দাসকে (কাল্পনিক নাম) বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই এলাকার বুছুদ আলী। ওই নাবালিকাকে বাড়ির পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জঙ্গলের ভেতর থেকে নাবালিকার চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ধরে ফেলে বুছুদ আলীকে। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুছুদ আলীকে গ্রেফতার করে এবং পায়েলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ পুলিশ ঘটনাটি মিটমাট করার জন্য তৎপর।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ