
।। রাজীব দে ।।
দিনাজপুর, ২১ এপ্রিল (হি.স.) : বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্মশান কালীমন্দিরে সংগঠিত হামলা ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জন অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী দুই আসামিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, সাম্প্রতিক দলবদ্ধ সন্ত্রাসী হামলায় শ্মশান কালীমন্দিরে ভাঙচুর চালানো এবং দেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়া হয়। একই সঙ্গে পিউস মুর্মুকে বেদম মারপিট করে তাঁর বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটে।
ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল ১৭ নম্বরে মামলা রুজু করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। জড়িতদের শনাক্ত করতে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামি আজাদ ও মণি নামের দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার এসআই দেবাশিস রায়। বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস