ফিফার ঘোষণা অনুযায়ী ভারত সহ ১২ টি দেশ মহিলা উন্নয়ন কর্মসূচিতে যোগদানের জন্য চিহ্নিত
নয়াদিল্লি, ২২ এপ্রিল, (হি. স.) : বুধবার, ফিফার ‘ফিফা উইমেনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কমার্শিয়াল স্ট্র্যাটেজি ২০২৬)’-এর জন্য নির্বাচিত ১২টি দেশের অন্যতম হয়ে উঠল ভারতবর্ষ। অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে - জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, স্কটল্য
ফিফার ঘোষণা অনুযায়ী ভারত সহ ১২ টি দেশ মহিলা উন্নয়ন কর্মসূচিতে যোগদানের জন্য চিহ্নিত


নয়াদিল্লি, ২২ এপ্রিল, (হি. স.) : বুধবার, ফিফার ‘ফিফা উইমেনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কমার্শিয়াল স্ট্র্যাটেজি ২০২৬)’-এর জন্য নির্বাচিত ১২টি দেশের অন্যতম হয়ে উঠল ভারতবর্ষ।

অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে - জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, স্কটল্যান্ড, কানাডা, মেক্সিকো, ফিনল্যান্ড, ঘানা, জর্ডন, লিথুয়ানিয়া এবং প্যারাগুয়ে।

উল্লেখ্য, এআইএফএফ-এর প্রাথমিক আবেদন এবং তারপর বাণিজ্যিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ উপস্থাপনার ভিত্তিতে ফিফা ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করে। এই কর্মসূচি ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশের মহিলা ফুটবলের বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য ফিফা নিজস্ব ভাবে এই কোর্সটি সাজিয়ে নেবে।

প্রসঙ্গত, এআইএফএফ এখন একটি বাণিজ্যিক অংশীদারের সমর্থন পাওয়ায়, এই কর্মসূচি ক্লাবগুলিকে টেকসই মডেল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্ঞান দেবে। পাশাপাশি, এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) শীঘ্রই যে মহিলা ক্লাব লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে চলেছে, তার জন্যও প্রস্তুত করবে।

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ বলেন, “আমার মনে হয়, গোটা ভারতে মহিলা ফুটবলের বাণিজ্যিক দিকটি উন্নত করার এটাই সঠিক সময়। আমাদের তিনটি মহিলা দল (সিনিয়র, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭) নিজ নিজ বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে, যা আমাদের সম্ভাবনা দেখায়। আর অসমিতা অনূর্ধ্ব-১৩ মহিলা ফুটবল লিগ যুব স্তরে আমাদের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছে।

“এখন ক্লাবগুলি যখন বাণিজ্যিক কৌশল গড়ে তোলা, স্পনসরশিপ নিশ্চিত করা, সমর্থকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে এই ধরনের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে, তখন গোটা পরিকাঠামোই উপকৃত হবে,” তিনি বলেন। “ফিফার এই উদ্যোগ অসাধারণ। এর জন্য নির্বাচিত হতে পেরে আমরা আনন্দিত। আশা করি, মহিলা ফুটবলের সঙ্গে যুক্ত ক্লাব ও অন্যান্য স্টেকহোল্ডাররা এর থেকে উপকৃত হবে, বিশেষ করে এএফসি নির্ধারিত ক্লাব লাইসেন্সিংয়ের আওতায় খুব শীঘ্রই আইডব্লিউএল ক্লাবগুলি আসতে চলেছে।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande