
ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল (হি. স.):- ঝাড়গ্রাম বিধানসভার নোলবোনা এলাকার ২৩০ নম্বর বুথে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে এক ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বঞ্চিত হওয়ার দাবি করেছেন। অভিযোগকারী ধানিরাম হাঁসদা জানান, তিনি ভোট দিতে বুথে গেলে বুথ লেভেল অফিসার (বিএলও) তাকে জানায় যে, তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে এবং তা পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এর ফলে তাকে আর ভোট দিতে দেওয়া হয়নি।ধানিরাম হাঁসদার দাবি, তিনি কখনও পোস্টাল ব্যালটে ভোট দেননি। তিনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নন এবং ভোটের কাজে নিযুক্তও ছিলেন না। ফলে তার নামে পোস্টাল ব্যালটে ভোট পড়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক বলে তিনি অভিযোগ করেন।এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটার তালিকা বা ভোট প্রক্রিয়ায় ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এতে একজন সাধারণ নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলেন বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়