
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার জনৈক বোলেরো গাড়ির চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ধর্মনগর ফায়ার সার্ভিসের একটি দল।
জানা যায়, অসুস্থ ব্যক্তি প্রদীপ দাস (৫৫), বাড়ি আগরতলা। তিনি পেশায় একজন গাড়ি চালক এবং নিজের বোলেরো গাড়িটি সার্ভিসিং করানোর জন্য ধর্মনগরে এসেছিলেন। এদিন হঠাৎ করেই রেল স্টেশন সংলগ্ন এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তার ধারে বসে পড়েন।
পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম বা শারীরিক দুর্বলতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। ফায়ার সার্ভিসের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ