
রায়পুর, ২৫ এপ্রিল (হি. স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই -এর সঙ্গে শনিবার রায়পুরে তাঁর সরকারি বাসভবনে জাপান থেকে আগত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পোন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, রাজ্য সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও শিল্পমুখী উদ্যোগের ফলে ছত্তিশগড় ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রের বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠছে। তিনি তাঁর জাপান সফরের অভিজ্ঞতার কথাও তুলে ধরে জানান, জাপানের উন্নত প্রযুক্তি ও দক্ষতা রাজ্যের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
তিনি আশা ব্যক্ত করে বলেন, এই ধরনের বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শিল্পোন্নয়ন আরও গতিশীল হবে।
জাপানি প্রতিনিধিদল ছত্তিশগড় সরকারের নতুন শিল্পনীতির প্রশংসা করে জানায়, রাজ্যে বিনিয়োগের জন্য স্বচ্ছ ও অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। তারা ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহও প্রকাশ করে।
এই বৈঠকে বিধায়ক অনুজ শর্মা, মুখ্যমন্ত্রীর সচিব পি. দয়ানন্দ, এফএসএনএল-এর ডিরেক্টর ইউকিহিরো মোমোসে, কোনোইকে ট্রান্সপোর্টের এক্সিকিউটিভ অফিসার তোশিহিরো ফুজিওয়ারা, এফএসএনএল-এর ম্যানেজিং ডিরেক্টর সুনীল কুমার দীক্ষিত–সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য