
কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। “কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, আন্তর্জাতিক স্তরে কাজের অভিজ্ঞতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় সক্রিয় উপস্থিতি—এই সব মিলিয়ে স্বনামধন্য অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর দীর্ঘ পথচলা আজ এক নতুন উচ্চতায় পৌঁছল।” শনিবার এই মন্তব্য করেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এক্সবার্তায় শমীকবাবু লিখেছেন, “নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নীতি নির্ধারণের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞানের এক মূল্যবান সংযোজন।”
এই সঙ্গে শমীকবাবু লিখেছেন, “বিজ্ঞানী গোবর্ধন দাস-এর নীতি আয়োগের সদস্য পদে অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থনীতি ও বিজ্ঞানের সমন্বয়ে আধুনিক ভারতের নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা, তা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে এই সিদ্ধান্তে। প্রযুক্তি, গবেষণা ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে নতুন গতি আসবে।
বাঙালির মেধা, পরিশ্রম ও নেতৃত্বের এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের বিষয়। জাতীয় স্তরে বাঙালির এই শক্তিশালী উপস্থিতি ভবিষ্যতে আরও অনুপ্রেরণা জোগাবে এবং দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত