দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান বিপর্যয়, চালকসহ ১৪ আরোহীর মর্মান্তিক মৃত্যু
নৈরোবি/জুবো, ২৭ এপ্রিল (হি.স.) : দক্ষিণ সুদানের রাজধানী জুবোর কাছে সোমবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং পাইলট—স
দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান বিপর্যয়, চালকসহ ১৪ আরোহীর মর্মান্তিক মৃত্যু


নৈরোবি/জুবো, ২৭ এপ্রিল (হি.স.) : দক্ষিণ সুদানের রাজধানী জুবোর কাছে সোমবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং পাইলট—সকলেরই মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ‘সেসনা ২০৮ ক্যারাভান’, যা সিটিলিংক এভিয়েশন পরিচালনা করছিল। বিমানটি ইয়েই থেকে উড্ডয়ন করে জুবো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটি যাত্রা শুরু করেছিল এবং সকাল ৯টা ৪৩ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

মৃতদের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং বাকি ২ জন কেনিয়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অত্যন্ত কম দৃশ্যমানতার (লো ভিজিবিলিটি) কারণে পাইলট নেভিগেশনে সমস্যার মুখে পড়েছিলেন, যা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই। এই ঘটনায় দক্ষিণ সুদান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande