
হুগলি, ২৮ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনের আগে উত্তপ্ত হুগলির বলাগড়। বলাগড়ের সোমড়া বালিগুড়ি এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে গাড়ি ভাঙচুর করা হয় বিজেপির মণ্ডল সভাপতির। এই সম্পূর্ণ ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার কথা সামনে আসার পরই সেখানে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এমনকি বিজেপি প্রার্থী সুমনা সরকারও পৌঁছে যান সেই জায়গায়।
সূত্রের খবর, এলাকার এক বিজেপি কর্মীর মা অসুস্থ। তাঁকে দেখতেই এ দিন সোমড়া অঞ্চলে যান এলাকার কয়েকজন বিজেপি নেতা। সেখান থেকে ফেরার সময়ে এক দল দুষ্কৃতী তাঁদের গাড়িয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁদের মাঝরাস্তায় গাড়ি আটকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার। তিনিই খবর দেন পুলিশে। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল দাবি করে আমরা গাড়িতে করে টাকা বিলি করছিলাম। পুলিশকে আমরা আমাদের গাড়ি চেক করতে বলি। পুলিশ গাড়ি চেক করে কিছু পায়নি। এর জবাব মানুষ ভোট বাক্সে দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ