
নয়াদিল্লি, ২৮ এপ্রিল ( হি.স.): নতুন দিল্লিতে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি সোমবার গভীর রাতের, পার্লামেন্ট স্ট্রিট থানার অন্তর্গত অশোক রোডে পিএনবি কমপ্লেক্সের সামনে মহাদেব রোড টি-পয়েন্টের কাছে। একটি পণ্যবাহী বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম যজ্ঞ ভাটিয়া (২০) এবং অভব ভাটিয়া (১৪)। তারা অশোক নগরের বাসিন্দা। যজ্ঞ বিএসসি-র ছাত্র এবং অভব স্কুল পড়ুয়া। পলাতক ট্রাক চালক।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর রাতে মহাদেব রোড টি-পয়েন্টের কাছে বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তারা জ্ঞান হারায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভব এবং যজ্ঞকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে পলাতক ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা । তবে পুলিশ ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক