
আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের সংগ্রামী জীবন ও আদর্শ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে—এমনটাই মত প্রকাশ করলেন ত্রিপুরার তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় ডঃ আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মূল পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “ডঃ আম্বেদকরের জীবন শুধুমাত্র ইতিহাস নয়, এটি সংগ্রাম, আত্মমর্যাদা ও অধ্যবসায়ের এক জীবন্ত দৃষ্টান্ত। তাঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে।”
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও তুলে ধরেন, সমাজের তথাকথিত নিম্নবর্গে জন্মগ্রহণ করায় শৈশবে ডঃ আম্বেদকরকে চরম বৈষম্যের শিকার হতে হয়েছিল। বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে বসে পড়াশোনা করার সুযোগ থেকেও তিনি বঞ্চিত ছিলেন। এমনকি পানীয় জল গ্রহণের ক্ষেত্রেও তাঁকে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তবুও সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ মনীষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, তপশিলী জাতি কল্যাণ দফতরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। বক্তারা সকলেই ডঃ আম্বেদকরের আদর্শ, সামাজিক ন্যায়বিচার ও সমতার দর্শনকে সমাজে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ