
শিলিগুড়ি, ৫ এপ্রিল (হি.স.): বন্ধুর হাতে ছুরিকাহত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। রবিবার ভোরে বীরপাড়ার লঙ্কাপাড়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়।
অভিযোগ, রামনবমীর দিন কথা কাটাকাটিকে কেন্দ্র করে টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ সাহানিকে ছুরি মারে ওই অভিযুক্ত। সুরজের পেটে আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার বিকেলে মৃত্যু হয় সুরজের। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন। সুরজের মৃত্যুর খবর ছড়াতেই অভিযুক্ত রাজেশের পরিবারের সদস্যরা একে একে বাড়ি ছেড়ে দেন। সুরজের ওপর হামলা চালানোর পর থেকেই অভিযুক্ত রাজেশ পলাতক ছিল। এরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন। অভিযুক্তকে পাকড়াওয়ের দাবিতে শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রবিবার ভোরে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ