
কলকাতা, ৫ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় নাম সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) নিয়ে জটিলতা যেন কাটছেই না। এক মাসের জন্য এই বিশেষ প্রক্রিয়ার কথা ঘোষণা করা হলেও পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পর আজও সেই সমস্যার সমাধান হয়নি। সামনেই ভোট, অথচ কয়েক হাজার 'ডি-অ্যাক্টিভেটেড' বা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
রবিবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে দেখা গেল এক ভিন্ন ছবি। সেখানে নাম নথিভুক্ত করতে আসা শতাধিক বৈধ ভোটারকে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। তাঁদের সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, তালিকায় নাম তুলতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে। অথচ গত মাসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত যৌথভাবে জানিয়েছিলেন যে, বাদ পড়া ভোটারদের নাম তুলতে কোনো অসুবিধা নেই। নিয়ম অনুযায়ী আবেদন জানালে ১৫ দিনের মধ্যেই তা নিষ্পত্তি হওয়ার কথা।
বাস্তব পরিস্থিতি কিন্তু বলছে অন্য কথা। দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ভোটারদের জন্য আলিপুর সার্ভে বিল্ডিংয়ে যে কাজ চলছে, সেখানে গেলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে সাধারণ মানুষের। একদিকে যেমন বৈধ নথি ও উপযুক্ত প্রমাণ দাখিল করতে বলা হচ্ছে, অন্যদিকে আবেদনপত্র জমা দেওয়া নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভারপ্রাপ্ত আধিকারিক বা কমিশনের কর্মীদের কাছ থেকেও কোনো সদুত্তর মিলছে না।
প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে, দিল্লির জাতীয় নির্বাচন কমিশন এবং কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিয়মবিধি সংক্রান্ত ঘোষণার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। একদিকে কমিশনের আশ্বাসের কথা বলা হলেও কাজের ক্ষেত্রে তার প্রতিফলন মিলছে না। ফলে জটিলতা দূর হওয়া তো দূরের কথা, নিত্যনতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। সশরীরে হাজিরা দিয়েও ভোটারদের বিমুখ হয়ে ফিরে যেতে হচ্ছে। নির্বাচনের মুখে সাধারণ মানুষের এই অযথা হয়রানি বন্ধ করে দ্রুত সমাধানের দাবি উঠেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত