
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মন্ত্রী জে পি নাড্ডা। স্বাস্থ্যকর ও শক্তিশালী দেশ গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানান, এই দিনটি আমাদের স্বাস্থ্যের আরও ভালো যত্ন নিতে এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা অনুসরণ করতে স্মরণ করিয়ে দেয়।
নাড্ডা এক্স মাধ্যমে জানান, ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রাচীন জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সমন্বয় ঘটায়, যা কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার মতো যুগান্তকারী উদ্যোগগুলি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে, যার ফলে প্রতিটি নাগরিকের জন্য উন্নত মানের চিকিৎসা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে। নাড্ডা এদিন সমস্ত ডাক্তার, নার্স এবং সম্মুখসারির কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৮ সালের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৈরি হয়েছিল, এটি স্মরণে রাখতে ও বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ