
ওদালগুড়ি (অসম), ৮ এপ্রিল (হি.স.) : ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ওদালগুড়ি বিধানসভা আসনে কংগ্রেস-প্রার্থী সুরেন দৈমারি। দৈমারি শুধু নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তিনি কংগ্রেস দল থেকেও পদত্যাগ করেছেন। এ ঘটনায় কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
নিজের এই সিদ্ধান্তের পর সুরেন দৈমারি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিযোগ করে বলেন, ‘কংগ্রেস দল মিঞাদের রক্ষক (বাংলাদেশি মুসলমান)। কংগ্রেস নামের দলটি বিশ্বাসঘাতক এবং প্রতারক।’
সুরেন দৈমারির হঠাৎ এই সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকদের নজর এখন এর সম্ভাব্য প্রভাবের দিকে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস