মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা মূল্যায়ন শুরু, ৭ মে-র মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে তৎপর পর্ষদ
আগরতলা, ৮ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে জোরকদমে চলছে এই মূল্যায়নের কাজ। উচ্চ মা
পরীক্ষার খাতা মূল্যায়ন


আগরতলা, ৮ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে জোরকদমে চলছে এই মূল্যায়নের কাজ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্দিষ্ট করা হয়েছে দুটি কেন্দ্র—বড়দোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে চারটি বিদ্যালয়ে। এগুলি হল বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার বড়দোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মূল্যায়ন কার্যক্রম পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। সেখানে তিনি মূল্যায়নের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হবে। তবে কোনও কারণে তা সম্ভব না হলে আগামী ৭ মে’র মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এই বিশাল কর্মযজ্ঞে প্রায় ২২০০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োজিত রয়েছেন। নির্ভুল ও স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সকলের নজর ফল প্রকাশের নির্ধারিত দিনের দিকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande