
আগরতলা, ৮ এপ্রিল (হি.স.): ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের সোনাইমুড়ি থেকে তেলিয়াছড়া গ্রামে যাওয়ার পথে মনু নদীর উপর নির্মীয়মান সেতু ভেঙে পড়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করল রাজ্য পূর্ত দফতর। বুধবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে দফতরের সচিব কিরণ গিত্যে এই বিষয়ে বিস্তারিত স্পষ্টিকরণ দেন।
তিনি জানান, সংশ্লিষ্ট সেতুটি এখনও নির্মাণাধীন এবং এর মোট দৈর্ঘ্য ১৪০ মিটার। সেতুটিতে মোট চারটি স্প্যান থাকার কথা, যার মধ্যে ইতিমধ্যেই তিনটি স্প্যানের (প্রতিটি ৩৫ মিটার) নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মাঝের একটি স্প্যানের কাজ বাকি রয়েছে, যা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
সচিবের কথায়, ওই স্প্যান নির্মাণের প্রাথমিক পর্যায়ে কনস্ট্রাকশন এজেন্সির পক্ষ থেকে সাটারিং ও সেন্টারিং-এর কাজ সম্পন্ন করা হয়েছিল। তবে সম্প্রতি এলাকায় একাধিকবার কালবৈশাখী ঝড় আঘাত হানায় মনু নদীতে জলস্রোত বেড়ে যায়। এর ফলে নির্মাণাধীন অংশের সাটারিং ও সেন্টারিং ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। এই ভেঙে যাওয়া অংশের ছবিই বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘সেতু ভেঙে পড়া’ হিসেবে প্রচারিত হয়েছে, যা প্রকৃতপক্ষে সঠিক নয়।
তিনি আরও বলেন, পূর্ত দফতর সবসময় নির্মাণ কাজের গুণগতমান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। দফতরের ইঞ্জিনিয়াররা নিয়মিতভাবে নির্মাণস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন যাতে কাজের মান বজায় থাকে।
বর্তমানে রাজ্যের বিভিন্ন সড়ক ও রেলপথের উপর প্রায় ৫০টিরও বেশি সেতুর নির্মাণকাজ চলছে বলেও জানান তিনি। এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ যাতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করে, সে বিষয়ে সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান কিরণ গিত্যে।
প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ত দফতরের (সড়ক ও সেতু) চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারসহ অন্যান্য আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ