
বিলোনিয়া (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার পূর্ব কলাবাড়িয়া এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বুধবার বিকেলে স্থানীয় মহিলাদের নেতৃত্বে সড়ক অবরোধ কর হয়। হঠাৎ এই অবরোধকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য বেলোনিয়া-শান্তিরবাজার সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে গ্রামবাসীদের। বিশেষ করে মহিলাদের প্রতিদিন দূর-দূরান্তে হেঁটে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। জল সরবরাহ দফতরের পক্ষ থেকে মাঝে মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা অনিয়মিত এবং চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে দাবি করেন তাঁরা।
গ্রামবাসীরা আরও জানান, এই সমস্যার সমাধানের জন্য বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে অবশেষে এদিন তাঁরা রাস্তায় নেমে অবরোধে সামিল হন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা পঞ্চায়েত প্রধানের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন।
অবরোধ চলাকালীন দক্ষিণ জেলার জেলা শাসকের গাড়িও সেখানে আটকে পড়ে। পরিস্থিতি বুঝে তিনি নিজেই গাড়ি থেকে নেমে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। এর কিছুক্ষণের মধ্যেই জলসম্পদ দফতর, ব্লক উন্নয়ন কার্যালয়, পুলিশ এবং টিএসআর বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেলা শাসকের উপস্থিতিতে জলসম্পদ দফতরের কর্মকর্তারা গ্রামবাসীদের আশ্বাস দেন যে চলতি এপ্রিল মাসের মধ্যেই পানীয় জলের সমস্যার একটি স্থায়ী সমাধান করা হবে। ততদিন পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে ট্যাঙ্কারের মাধ্যমে পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।
প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে অবশেষে বিক্ষোভকারীরা তাঁদের অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে তাঁরা পুনরায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ