
হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিচ্ছেন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। নিজের আসন ধরে রাখতে ইতিমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খানাকুল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুশান্ত ঘোষ। পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে তাঁর নেতৃত্বে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতিও দখল করে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনেও এই এলাকায় বিজেপির ফল ভালো ছিল বলে দলীয় সূত্রে দাবি।
অন্যদিকে, কয়েকদিন আগে খানাকুলে তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ রায়ের সমর্থনে প্রচারে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্ত ঘোষকে কটাক্ষ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুশান্ত ঘোষ বলেন, খানাকুল বিজেপির শক্ত ঘাঁটি এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি জানান, জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোকেই প্রচারের মূল লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।
বুধবার খানাকুলের ধান্যঘড়ি এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ দাবি করেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসবে এবং বিজেপি সরকার গঠিত হলে খানাকুলের উন্নয়ন সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA