
দেওরিয়া, ৮ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের দেওরিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন অভিযুক্ত। বুধবার লার থানার অন্তর্গত এলাকায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন, সানি এবং ডেভিড।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডুমরির বাসিন্দা স্নেহা দেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বেশ কিছুদিন আগে ওই এলাকার তিন বাসিন্দা চন্দন, সানি এবং ডেভিডের সঙ্গে বিবাদে জড়ান তাঁর স্বামী। পুরোনো শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় তাঁর স্বামী সহ আরও দুজনের উপর ধারালো অস্ত্র দিয়ে আচমকা আক্রমণ করে বসে ওই তিনজন। ঘটনায় গুরুতরভাবে আহত হন অভিযোগকারিণীর স্বামী। মামলা দায়েরের পর পুলিশ তল্লাশি চালিয়ে বুধবার গ্রেফতার করে তিন অভিযুক্তকে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক