
মালদা, ৮ এপ্রিল (হি. স.) : মালদায় এসআইআর বিরোধী আন্দোলনকে ঘিরে মোথাবাড়ির ঘটনা-সহ মোট ১২টি মামলার তদন্তভার গ্রহণ করল এনআইএ। এই মামলাগুলিতে গ্রেফতার হওয়া মোট ৪১ জন অভিযুক্তকে বুধবার এনআইএ-র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিন অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ ধৃতদের কড়া নিরাপত্তার মধ্যে মালদাজেলা আদালতে আনা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট -মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরীও। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।সূত্রের খবর, এনআইএ যে ১২টি মামলার তদন্তভার নিচ্ছে, তার মধ্যে আটটি মোথাবাড়ি থানায় দায়ের হওয়া মামলা এবং বাকি চারটি কালিয়াচক থানার অন্তর্গত। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় এই সংস্থা। যদিও আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল ইসলাম।উল্লেখ্য, এসআইআর বিরোধী আন্দোলন ঘিরে মালদায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়ায়। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়