
হাওড়া, ৮ এপ্রিল (হি. স.) : নির্বাচনী আবহে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে সরাসরি তোপ দাগলেন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। বুধবার দুপুরে হাওড়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন যে, এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা নিয়মিত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন এবং তাঁদের জোরপূর্বক দলে টানার চেষ্টা করছেন।
বিজেপি প্রার্থীর দাবি, এই পরিস্থিতির বিষয়ে কমিশনকে একাধিকবার লিখিতভাবে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বারবার অভিযোগ জানিয়েও কমিশনের তরফে কোনো সদর্থক সাড়া মেলেনি।”
ভীতি প্রদর্শনের পাশাপাশি পোলিং বুথ বণ্টন নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, ৩০০-র বেশি ভোটার রয়েছেন এমন বহু আবাসন বা বহুতল ভবনে বুথ স্থাপন করা হয়নি, অথচ অন্য কিছু এলাকায় একই পরিস্থিতির নিরিখে বুথের ব্যবস্থা করা হয়েছে। এই বৈষম্যের জন্য তিনি সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন।
প্রার্থীর বক্তব্য অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়ায় সব দলের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত