উড়িশায় রেলে কাটা পড়ে ত্রিপুরার যুবকের মৃত্যু, মৃতদেহ ফেরাতে সরকারি সাহায্যের আবেদন
আগরতলা, ৮ এপ্রিল (হি.স.): উড়িশার রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ত্রিপুরার এক যুবক। মৃত যুবকের নাম রমজান মিয়া (২০)। তিনি ত্রিপুরার কাঞ্চনমালা এলাকার বাসিন্দা। কাজের সূত্রে চেন্নাইয়ে থাকা রমজান বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে
রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের


আগরতলা, ৮ এপ্রিল (হি.স.): উড়িশার রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ত্রিপুরার এক যুবক। মৃত যুবকের নাম রমজান মিয়া (২০)। তিনি ত্রিপুরার কাঞ্চনমালা এলাকার বাসিন্দা। কাজের সূত্রে চেন্নাইয়ে থাকা রমজান বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সংসারের আর্থিক অনটনের কারণে রমজান মিয়া দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজে যোগ দেন। সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। কিন্তু বাড়ি আর ফেরা হল না তার।

বুধবার ভোরে উড়িশার এক রেললাইনে রমজান মিয়ার দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর।

এই মর্মান্তিক ঘটনার খবর বুধবার সকালে তাঁর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা কাঞ্চনমালা এলাকায়। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও ছুটে এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান।

রমজানের বাবা সোনা মিয়া, যিনি পেশায় দিনমজুর, ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি জানান, তাঁর পাঁচ ছেলের মধ্যে রমজান ছিল সবচেয়ে ছোট। সংসারের হাল ধরতেই কাজ করতে বাইরে গিয়েছিল সে। ছেলের এমন অকালমৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।

অত্যন্ত দারিদ্র্যের মধ্যে থাকা এই পরিবারটি এখন বড় সংকটে পড়েছে। মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার সামর্থ্য নেই তাঁদের। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রমজানের বাবা। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে তাঁর ছেলের মৃতদেহ বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করা যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এমন দুঃসময়ে প্রশাসনের দ্রুত সহায়তা অত্যন্ত জরুরি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande