
হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : হুগলির ব্যান্ডেল এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিজেপি।
জানা গিয়েছে, ব্যান্ডেলের নিউ মসজিদ এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী প্রদীপ ঝা বুধবার ভোররাতে ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, রাত প্রায় দু’টো নাগাদ বাড়ির জানালায় কাঁচ ভাঙার শব্দ পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তাঁর স্করপিও গাড়িতেও পাথর ছোড়া হয়েছে।
প্রদীপ ঝা দাবি করেন, সিসি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গিয়েছে এবং তিনি অভিযুক্তদের চিনতে পেরেছেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা বিজেপি কর্মী এবং পূর্বেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA