
ভাগলপুর, ৮ এপ্রিল (হি.স.): বিহারের ভাগলপুরে ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর জখম তিন স্কুলপড়ুয়া। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে সুলতানগঞ্জ থানা এলাকার মহেশী চক বাজার সংলগ্ন এলাকায়। বুধবার সকালে দ্রুতগতির একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় পড়ুয়ারা রাস্তায় ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধার দিয়ে স্কুলে যাওয়ার পথে তিন পড়ুয়াকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি মারুতি গাড়ি। তাতে তিনজনই রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর জখম হয়। গাড়ির চালক পলাতক। যদিও স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটক করে। তারাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত তিন পড়ুয়াকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা তিনজনেই মহেশী গ্রামের বাসিন্দা, যথাক্রমে অংশ কুমার (১২), করুণা কুমারী (১৬), এবং দিব্যাংশু কুমার (১৫) । পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস