ধর্মনগর উপনির্বাচন : উৎসবের আবহে চলছে ভোটগ্রহণ
ধর্মনগর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং শু
ধর্মনগরে ভোটগ্রহণ চলছে


ধর্মনগর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং শুরু থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এদিন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী জহর চক্রবর্তী সকাল ৮টা নাগাদ চন্দ্রপুর দ্বাদশমান বিদ্যালয়স্থিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটদানের আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক।”

ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ভোটারদের দীর্ঘ লাইন এবং উৎসাহ গোটা এলাকায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করেছে। মহিলা, প্রবীণ ও প্রথমবারের ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের জন্য সমস্ত ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

গণতন্ত্রের এই মহোৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলেই আশাবাদী নির্বাচন সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী, আইএনসি প্রার্থী চয়ন ভট্টাচার্য, সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত, আমরা বাঙালী দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস, এসইউসিআই (সি) দলের প্রার্থী সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ প্রতিদ্বন্দিতা করছেন।

উল্লেখ্য, এই কেন্দ্রের ভোটার রয়েছেন ৪৬,১৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ২৩,৭৫৮ জন এবং পুরুষ ভোটার ২২,৩৮৪ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ জন এবং মহিলা ভোটার ৩ জন। এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৫টি। এর মধ্যে নগর এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৩২টি এবং গ্রামীণ এলাকায় ২৩টি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande