
জয়পুর, ৯ এপ্রিল (হি.স.) : রাজস্থানে বেশ কিছুদিন থেকে চলা ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টির মাত্রা কমেছে। বুধবার থেকে রাজ্যের বেশিরভাগ অংশে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং আগামী চার থেকে পাঁচ দিন স্বাভাবিক পরিস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২০ দিন ধরে রাজস্থানে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ছিল। এর প্রভাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বুধবার, সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দিনের বেলায় রোদের কারণে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। বিগত ২৪ ঘণ্টায় আজমির, ভিলওয়াড়া, টঙ্ক, ঝুনঝুনু, আলওয়ার, করৌলি এবং ফালোদি সহ কিছু এলাকায় হালকা মেঘ এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে। করৌলির তোদভীমে ৪ মিমি, বানসুর ও বেহরোরে ২ মিমি করে, ঝুনঝুনুর সুজানগড় ও বুহানায় ২ মিমি করে এবং ফালোদির লোহাওয়াতে ৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। জয়পুরের কোটপুতলি এলাকাতেও হালকা বৃষ্টি হয়েছে। বুধবার বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া দফতর পূর্ভাবাস দিয়েছে , আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে। দিনের বেলায় উজ্জ্বল রোদের কারণে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে গরম আরও বাড়বে। তবে, বর্তমানে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন