লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার সম্পূর্ণ, গ্যাংটকের পথে রওনা
মাঙ্গান, ৯ এপ্রিল (হি.স.) : উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া সমস্ত পর্যটকদের উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তারাম ছু এলাকায় নির্মিত অস্থায়ী সেতু (ফুটব্রিজ ) পার হয়ে পর্যটকেরা গ্যাংটকের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গি
লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার সম্পূর্ণ, গ্যাংটকের পথে রওনা


মাঙ্গান, ৯ এপ্রিল (হি.স.) : উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া সমস্ত পর্যটকদের উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তারাম ছু এলাকায় নির্মিত অস্থায়ী সেতু (ফুটব্রিজ ) পার হয়ে পর্যটকেরা গ্যাংটকের উদ্দেশে রওনা দিয়েছেন।

বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই উদ্ধার অভিযান সম্পূর্ণ হয়। এলাকায় উপস্থিত থেকে উদ্ধার প্রক্রিয়া তদারকি করেন মন্ত্রী তথা বিধায়ক সমদুপ লেপচা। পাশাপাশি মাঙ্গান জেলার জেলাশাসক অনন্ত জৈন, ভারতীয় সেনা, বর্ডার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (বিআরও), লাচেন জুমসা এবং পর্যটন সংশ্লিষ্ট সংস্থাগুলির সক্রিয় সহযোগিতায় পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হয়।

তারাম ছু থেকে চুংথাং হয়ে গ্যাংটক পর্যন্ত পর্যটকদের পৌঁছে দিতে বিশেষ বাস ও পর্যটক গাড়ির ব্যবস্থা করা হয়। প্রশাসনের একাংশ তারাম ছু এলাকায় স্থানান্তর প্রক্রিয়া সামলায়, অন্যদিকে চুংথাংয়ে ভ্রমণ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পর মন্ত্রী সেনা ও বিআরও-র আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের ধন্যবাদ জানান এবং পর্যটকদের সঙ্গেও কথা বলে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, তারাম ছু এলাকায় ভূমিধসে রাস্তার বড় অংশ ভেঙে পড়ায় লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বহু পর্যটক সেখানে আটকে পড়েন। পরে সেনার সহায়তায় অস্থায়ী সেতু নির্মাণ করে দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande