প্রলোভন দেখিয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, উদয়পুরে ধৃত যুবক
উদয়পুর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমার পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তের কঠো
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক


উদয়পুর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমার পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, বাসন্তী পূজার দিন গভীর রাতে একই এলাকার বাসিন্দা শান্তু দেবনাথ নামে জনৈক যুবক গৃহবধূর বাড়িতে প্রবেশ করে। প্রথমে সে মহিলাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখায়। ওই সময় মহিলার সন্দেহ হলে তিনি অভিযুক্তকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু অভিযোগ, রাত প্রায় দু’টো নাগাদ অভিযুক্ত পুনরায় বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শান্তু দেবনাথ পলাতক ছিল বলে জানা গেছে। এদিকে, বুধবার রাতে সে বাড়িতে ফিরেছে—এই খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী উদয়পুর মহিলা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande