
উলুবেড়িয়া, ৯ এপ্রিল (হি. স.):- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় যোগদানের ঘটনা ঘটল। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ১১ জন গ্রাম পঞ্চায়েত সদস্য এদিন তৃণমূলে যোগ দেন। জানা গেছে, হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা, তপনা, ধুলোসিমলা এবং চণ্ডীপুর-হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আইএসএফ, কংগ্রেস, সিপিএম ও বিজেপি ছেড়ে তাঁরা তৃণমূল কংগ্রেসে নাম লেখান।বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর এবং হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবাশীষ ব্যানার্জি।দলীয় সূত্রে দাবি, এই যোগদানের ফলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে। রাজনৈতিক মহলের একাংশও মনে করছে, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যোগদান সংশ্লিষ্ট কেন্দ্রে সমীকরণ বদলে দিতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়