
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : আগরতলায় ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-র উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এনসিসি ক্যাডেটদের কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির। শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত এই শিবির চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
শিবিরে ত্রিপুরা ও অসম থেকে মোট ৪৭২ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে, যার মধ্যে ২৪০ জন বালক এবং ২৩২ জন বালিকা ক্যাডেট রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণেল এনএস বাথ ক্যাডেটদের উদ্দেশ্যে দেশসেবায় আত্মনিয়োগ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আত্মবিশ্বাস বজায় রেখে লক্ষ্যপূরণের জন্য কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
এই শিবির থেকে ২৭ জন ক্যাডেটকে বাছাই করে শিলচরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। শিবিরে পিটি, যোগব্যায়াম, ম্যাপ রিডিং, ফায়ারিং, ড্রিলসহ বিভিন্ন সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সমাজসেবা, ব্যক্তিত্ব উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও ড্রাগবিরোধী সচেতনতা, সাইবার অপরাধ, পক্সো আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিবির চলাকালীন ক্যাডেটদের আগরতলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করানো হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ