
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনা সামনে আসে, যখন পুলিশি হেফাজতে থাকা বাংলাদেশি নাগরিক জিবিপি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তাঁকে পুনরায় আটক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সজল ঋষিদাস। তাঁর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অভিযোগ, তিনি অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিলেন। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুযোগ বুঝে সে নিরাপত্তা এড়িয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাটি মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে হাসপাতাল চত্বরে।
তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা দ্রুত তৎপরতা দেখিয়ে হাসপাতালের আশপাশ এলাকায় তল্লাশি চালান এবং অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে পুনরায় আটক করতে সক্ষম হন।
এই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা বন্দিদের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এদিকে, কীভাবে ওই ব্যক্তি পালানোর সুযোগ পেল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ। ঘটনার পর হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ