নিয়োগে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য দফতরে ডেপুটেশন রেডিওলজি টেকনোলজিস্টদের
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় স্বাস্থ্য দফতরের অধীনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিয়োগে ব্যাপক অনিয়ম ও নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ
স্বাস্থ্য দফতরে ডেপুটেশন


আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় স্বাস্থ্য দফতরের অধীনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিয়োগে ব্যাপক অনিয়ম ও নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, সম্প্রতি রাজ্য সরকারের তরফে মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট পদে মোট ২৭টি শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যেই এই পদগুলির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে এই নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অ্যাসোসিয়েশনের দাবি, রেডিয়েশন থেরাপি বিভাগের বেশ কয়েকজন প্রার্থী এই পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত। সংগঠনের মতে, মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট এবং রেডিয়েশন থেরাপি—এই দুই ক্ষেত্রের কাজ, প্রশিক্ষণ ও দক্ষতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ফলে এক বিভাগের প্রার্থীদের অন্য বিভাগের পদে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত নয়।

সংগঠনের প্রতিনিধিরা আরও জানান, প্রাথমিকভাবে তারা অন্তত পাঁচজন প্রার্থীর নাম চিহ্নিত করতে পেরেছেন, যারা রেডিয়েশন থেরাপি ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। এই ঘটনাকে তারা সম্পূর্ণ অবৈধ ও নিয়োগ বিধির পরিপন্থী বলে অভিহিত করেছেন।

এই প্রেক্ষিতে, সংশ্লিষ্ট প্রার্থীদের নাম অবিলম্বে বাতিল করা এবং পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের অনিয়ম না ঘটে, সেদিকেও দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande