
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : অসমে শান্তি বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য রাজ্যের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল।
আজ বৃহস্পতিবার সমগ্র রাজ্যজুড়ে অসম বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের নির্ধারিত শেষ সময়ের পর সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল রাজ্যের সকল নাগরিককে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে নাগরিকদের উৎসাহী অংশগ্রহণের ফলেই ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিকাল ৫-টার পরও বহু কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ভোটদানের প্রতি মানুষের সচেতনতার পরিচয় বহন করে, বলেন তিনি।
সব জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮৫.৬৪ শতাংশ ভোটদান হয়েছে। রাজ্যজুড়ে ভোটাররা গভীর উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটদান করেছেন। ভোটগ্রহণের শেষ সময়েও বহু কেন্দ্রে দীর্ঘ লাইন ছিল। ফলে চূড়ান্ত ভোটদানের পরিসংখ্যান পরিবর্তন হয়ে আরও বাড়তে পারে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ভোটগ্রহণে নিয়োজিত কর্মী, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, তিনি তাঁদের ভূয়সী প্রশংসা করেন।
নির্বাচনে স্বচ্ছতা ও সকল ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্য ভোটারদের সুবিধার জন্য উপযুক্ত সহায়তা প্রদান করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস