দখলমুক্ত করে সাজানো হবে মধ্যপাড়া পুকুর : মেয়র
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় মধ্যপাড়া এলাকার ঐতিহাসিক পুকুরটির সংস্কার কাজ শুরু করতে চলেছে আগরতলা পুর নিগম। বহু বছর ধরে অবহেলিত ওই জলাশয়টি পুনরুদ্ধারের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার পুকুরটির বর্তমান পরিস্
পুকুর পরিদর্শন মেয়রের


আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় মধ্যপাড়া এলাকার ঐতিহাসিক পুকুরটির সংস্কার কাজ শুরু করতে চলেছে আগরতলা পুর নিগম। বহু বছর ধরে অবহেলিত ওই জলাশয়টি পুনরুদ্ধারের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার পুকুরটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ এ সহ পুর নিগমের একাধিক আধিকারিক। পরিদর্শনের সময় তাঁরা পুকুরটির জলধারণ ক্ষমতা, পাড়ের অবস্থা, আবর্জনার স্তূপ এবং আশেপাশের দখলদারির বিষয়গুলি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, মধ্যপাড়া পুকুরটি শুধুমাত্র একটি জলাশয় নয়, এটি এলাকার একটি ঐতিহাসিক সম্পদ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, “আগরতলা পুর নিগম গত কয়েক বছর ধরে শহরের অবহেলিত জলাশয়গুলিকে চিহ্নিত করে পরিষ্কার, পুনরুদ্ধার এবং সৌন্দর্যায়নের কাজ করছে। মধ্যপাড়ার এই পুকুরটিও সেই উদ্যোগেরই অংশ।”

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের একাধিক আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশনার পর এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে পুকুরটির বিভিন্ন অংশে অবৈধ দখল গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। এই প্রসঙ্গে মেয়র স্পষ্ট জানিয়ে দেন যে, খুব শীঘ্রই সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং পুকুরটির পূর্ণাঙ্গ পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

পুর নিগম সূত্রে জানা গেছে, সংস্কার কাজের মধ্যে পুকুরের পলিমাটি অপসারণ, পাড় বাঁধানো, বর্জ্য পরিষ্কার, জলের মান উন্নয়ন এবং চারপাশে সৌন্দর্যায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি স্থানীয় মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত অবকাঠামোও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে পুকুরটি অবহেলায় পড়ে থাকায় পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হচ্ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন বলে তাঁদের আশা।

সব মিলিয়ে, মধ্যপাড়া পুকুর পুনরুদ্ধার প্রকল্পটি শুধু একটি জলাশয়ের সংস্কার নয়, বরং শহরের পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande